Tue. Jun 9th, 2026

35খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় শীতের সবজির দাম কমছে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি দাম কমেছে ৪ থেকে ৫ টাকা। এ ছাড়া স্থিতিশীল রয়েছে মাংসের দাম। তবে হালিতে ২ টাকা বেড়েছে ডিম।
রাজধানীর কাপ্তান বাজার, কারওয়ান বাজার ঘুরে বৃহস্পতিবার এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১১০ টাকা, আদা ১০০ টাকা, কাঁচামরিচ প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকা, টমেটো ৮০-৯০ টাকা, ধনিয়া পাতা ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া শীতের সবজির মধ্যে দেশী শসা ৪০ টাকা, হাইব্রিড শসা ২০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা, শিম প্রকারভেদে ৩৫ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, গাজর পুরাতন ৮০ টাকা ও নতুন ১০০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, মাঝারি আকারের বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সপ্তাহ দুই আগেও এ সব সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি ছিল।
কাপ্তান বাজারের সবজি ব্যবসায়ী বিল্লাল জানান, শীতের সবজির সরবরাহ বেশি থাকায় কম দামে বিক্রি হচ্ছে। সামনে সবজির দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।
এদিকে, গত সপ্তাহের তুলনায় মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস কেজিতে ৩৮০ টাকা, খাসির মাংস ৫৫০ থেকে ৫৮০ টাকা, ব্রয়লার মুরগি ১২০ টাকা, লেয়ার লাল মুরগি ১২০ থেকে ১২৫ টাকা, দেশী মুরগির হালি আকারভেদে ৬৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সব ধরনের ডিমের হালিতে ২ টাকা বেড়েছে।
মুদি ব্যবসায়ী হানিফ বলেন, শীত শুরু হওয়ায় ডিমের সরবরাহ কমছে। সামনে ডিমের দাম আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, বাজারভেদে নিত্যপণ্যের দাম কম-বেশি হতে পারে। এ ছাড়া দরদাম করে কিনলে তা কমে পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *