Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :
3টাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগ এনে প্রায় ৯০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার কালিহাতী ও ঘাটাইল থানায় এ মামলা দুটি হয় বলে সংশ্লিষ্ট থানার শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের উপর হামলার পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়া এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে এসব মামলায়।
কালিহাতী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এসআই মোশারফ হোসেন বাদী হয়ে সকালে তাদের থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
একই অভিযোগে ঘাটাইল থানার এসআই মনসুব আলী অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে তাদের থানায় একটি মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মুখলেছুর রহমান জানান।
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার বিকালে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শনিবার রাতে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটিও করা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, ওই ঘটনায় পুলিশের কোনো সদস্য ‘অপরাধ’ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *