
মোঃ মাহবুব আলম, বিশেষ প্রতিনিধিঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, মওলানা ভাসানীর মৃত্যুর ৪৯ বছর পার হলেও তার কাঙ্ক্ষিত বাংলাদেশ আজও প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাব প্রস্তুত ও স্বাক্ষর করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য আগামী জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতেই হবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে মওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে মওলানা ভাসানীর আদর্শ ধারণ করতে হবে। রাজনীতিবিদদের উচিত মওলানার জীবন ও দর্শন গভীরভাবে অধ্যয়ন করা এবং যুবসমাজের মাঝে তার আদর্শ ও চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, মওলানা ভাসানী ছিলেন আজীবন সাম্রাজ্যবাদবিরোধী লড়াই-সংগ্রামের অবিসংবাদিত নেতা। তিনি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করেছেন এবং রাজনীতির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অসামান্য ভূমিকা রেখেছেন। নিজে কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ না করলেও তিনি ছিলেন ক্ষমতার নিয়ন্ত্রক।
তিনি বলেন, শেখ মুজিবুর রহমান, কাজী জাফর আহমদ, মশিউর রহমান যাদু মিয়াসহ বহু জাতীয় নেতাকে মওলানা ভাসানী গড়ে তুলেছেন, যারা পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তবে তার হাতে গড়া নেতা শেখ মুজিবুর রহমান মওলানা ভাসানীকে যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছেন।
ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, রিকশা ভ্যান শ্রমিক পার্টির সভাপতি রতন দেওয়ান, ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা শাখার সভাপতি ইমরুল হাসান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
