Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
86জনপ্রিয় টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ ব্যবহার করতে পারছেন না বিশ্বব্যাপী ব্যবহারকারীরা। ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সংযোগ সমস্যার কারণে অ্যাপটির মাধ্যমে ভয়েস কল এবং ভিডিও কল করতে পারছেন না। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে স্কাইপ জটিলতার খবর প্রথম জানায় ডাউনডিটেক্টর ডটকম নামের একটি প্রযুক্তিসেবাবিষয়ক ওয়েবসাইট। ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সেবা সচল বা অচল থাকার রিপোর্ট দিয়ে থাকে সাইটটি। নিজস্ব ‘হার্টবিট’ সেবার মাধ্যমে স্কাইপ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, “আপনাদের মধ্যে কেউ কেউ সংযোগ জটিলকার শিকার হতে পারেন এবং আপনাদের অনলাইন নাও দেখাতে পারে। স্কাইপের স্ট্যাটাস সেটিংয়ে একটি জটিলতা চিহ্নিত করেছি আমরা।“ “ভুক্তভোগীরা তাদের স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন না। তাদের কনট্যাক্ট লিস্টের সবাইকে অফলাইন দেখাবে এবং স্কাইপের মাধ্যমে কল করা যাবে না তাদের।” ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস আরও জানিয়েছে, ভিডিও কল আর ভয়েস কল সেবা বন্ধ থাকলেও কাজ করছে স্কাইপ অ্যাপের ইনস্ট্যান্ট মেসেজিং সেবা। সংযোগ জটিলকার শিকার হয়নি ‘স্কাইপ ফর ওয়েব’-ও। তবে এখনও বেটা পর্যায়ে থাকায় স্কাইপের এই সংস্করণটির ব্যবহারকারীর সংখ্যা নেহাতই কম। সেবা গ্রাহকদের এই অনাকাঙ্খিত দুর্ভোগের কারণে ক্ষমা চেয়েছে স্কাইপ কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব আপডেট ইসু করার আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *