Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
3রাজধানীর পূর্ব সেনপাড়ায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের পাইপ ফেটে আগুন লেগে এক পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। আশপাশের লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধারের পর রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)। আহত দেলোয়ার জানান, তিনি ওই এলাকার ওহিদ মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রাত দেড়টার দিকে সিগারেট ধরালে ওই আগুন থেকে হঠাৎ করে তার ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের এক চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে দেলোয়ারের শরীরের ৪০ শতাংশ, সালেহার শরীরের ২২ শতাংশ, আমেনার শরীরের ১৮ শতাংশ, আরমানের শরীরের ১৬ শতাংশ, জাহিদের শরীরের ৪০ শতাংশ ও ফাতেমার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে দেলোয়ার ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *