Thu. Jun 4th, 2026

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
57বৈশ্বিক টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তির ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (আইপিআর) ব্যবস্থা পুনর্বিবেচনা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত সংলাপ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খবর-বাসস’র।
শেখ হাসিনা বলেছেন, বিদ্যমান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (আইপিআর) ব্যবস্থা পর্যালোচনা করা প্রয়োজন যাতে জনগণ কৃষি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রধান প্রযুক্তিগুলোর সুবিধা লাভ করতে পারে।
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে একটি গণমুখী ও পৃথিবী বান্ধব এজেন্ডা এবং সকলের জন্য বিশেষ উন্নয়নের অঙ্গীকার গ্রহণ করায় তিনি উৎসাহিত হয়েছেন।
তিনি বলেন, এখন আমাদের জনগণের আশা-আকাক্সক্ষাগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদের সম্মিলিত অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য আমাদের অনেক দেশের সম্পদের প্রয়োজন। একই সময়ে, আমাদেরকে অবশ্যই বৈশ্বিক পর্যায়ে পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট ইস্যুগুলোর সমাধান করতে হবে।
শেখ হাসিনা বলেন, পৃথিবীর সীমিত সম্পদ নিয়ে টেকসই ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের নিশ্চিত করা প্রয়োজন যে, তৃণমূল পর্যায়ের লোকজনও উন্নয়নের সুফল পাবে। উন্নয়নশীল বিশ্বে প্রযুক্তি জনজীবনে পণ্যের ও উৎপাদনে পার্থক্য সৃষ্টি করতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি খাতে ও সুশীল সমাজের দায়িত্বশীল কর্মসূচি এবং বিভিন্ন জনগোষ্ঠী ও দেশের মধ্যেকার ব্যবধান কমিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল সংলাপ অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ‘ফস্টারিং সাসটেইন্যাবল ইকোনোমিক গ্রোথ এন্ড ট্রান্সফরমেশন এন্ড প্রোমোটিং সাসটেইন্যাবল কনসামপশন এন্ড প্রডাকশন’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র ও সরকার প্রধানগণ আলোচনাকালে আগামী ১৫ বছরে টেকসই উন্নয়ন এজেন্ডা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে তাদের মতামত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *