Thu. Jun 4th, 2026

28খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর উদ্দেশে পাঠানো হয়।
কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, ১২টা ২০ মিনিটে ফখরুলকে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুরে পৌঁছায়।
হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ নভেম্বর আত্মসমর্পণ করার পর
জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত।
পল্টন থানার নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন মঙ্গলবার এই আদেশ দেন।
জামিন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতের বাইরে বিক্ষোভ শুরু করেন। পরে ফখরুলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে বিএনপির আন্দোলনের মধ্যে জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর সাত মামলায় ছয় মাস কারাগারে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। স্বাস্থ্যগত কারণে আপিল বিভাগ অন্তর্র্বতীকালীন জামিন দিলে গত জুলাই মাসে মুক্তি পান তিনি। এরপর চিকিৎসা করাতে বিদেশে যান।
বিদেশ থেকে ফেরার পর ফখরুলের আবেদনে তার জামিনের মেয়াদ দুই দফায় বাড়ানো হয়। আত্মসমর্পণের আগে তিনি তিন মামলায় আরও সময় চাইলে গত সোমবার সে আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারের মধ্যে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। সে অনুযায়ী বিকালে তিনি হাকিম আদালতে আত্মসমর্পণ করে তিন মামলায় জামিনের আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *