Thu. Jun 4th, 2026

71খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: সিলেটে শিশু আবু সাঈদ হত্যা মামলার আসামি ওলামা লীগের প্রচার সম্পাদক মুহিব হোসেন মাসুম আদালতে আত্মসমর্পণ করেছেন। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবদুর রশিদ নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
এর আগে ৮ নভেম্বর আদালত মাসুমসহ চারজনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দেন।
আদালতের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী জানান, আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি মুহিব হোসেন মাসুম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরীর ঝর্ণারপাড় সোনাতলার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে এসএমপির কোতয়ালী থানায় মামলা করেন। ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন। অভিযুক্তরা হলেন— সিলেটের বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আবদুর রাকিব, সোর্স আতাউর রহমান গেদা ও ওলামা লীগের প্রচার সম্পাদক মুহিব হোসেন মাসুম। এদের মধ্যে মাসুম পলাতক ছিলেন। জেলহাজতে থাকা তিনজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *