Thu. Jun 4th, 2026

3খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: এবার দিনাজপুরে পিয়েরো পিচম (৫০) নামে ইতালীয় এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা। শহরের মির্জাপুর এলাকায় বি আরটিসি বাস ডিপোর সামনে আজ বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। তিনি এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কোতোয়ালি থানার পরিদর্শক আবুল হাসনাত তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল হাসনাত বলেন, পেশায় চিকিৎসক পিয়েরো সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। বি আরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে পিয়েরো রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আবুল হাসনাত আরও বলেন, ঘটনার পরই তদন্তের পাশাপাশি দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পিয়েরোর ঘাড়ে গুলি লেগেছে। সকাল সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদন লেখার সময় তাঁর অস্ত্রোপচার চলছিল।
এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীতে গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজার তাবেলা (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁকেও তিন মোটরসাইকেল আরোহী গুলি করে পালিয়েছে। এ ছাড়া রংপুরের কাউনিয়ার আলুটারিতে ৩ অক্টোবর কুনিও হোশি নামে জাপানি এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *