Thu. Jun 4th, 2026

27খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৮ নভেম্বর ২০১৫: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করেছে দলটি। বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি আরো বলেন, সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত। তবে এখন তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *