Sun. Jun 7th, 2026

70খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গিমাতা’ আখ্যায়িত করে তার বিচার করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।
সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই দাবি জানান তিনি।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রোববার প্রথম প্রহরে। এর পরপরই সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের বার্তা দেয় একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত।
হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ব্যানারে বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়।
সেখানে সমাবেশে ছাত্রলীগ সভাপতি বলেন, “জামায়াতে ইসলামী একাত্তরে সাধারণ মানুষের ওপর গণহত্যা, ধর্ষণ-নির্যাতন লুটপাট চালিয়েছিল, তাদের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে।
“খালেদা জিয়া একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মতো পাঁচ জানুয়ারির নির্বাচন আগে দেশের সাধারণ মানুষ ওপর পেট্রোল বোমা মেরে শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে।”
সাইফুর রহমান সোহাগ বলেন, “তিনি (খালেদা জিয়া) একাত্তরের ন্যায় বর্তমানে জঙ্গিবাদীদের ম“ দিচ্ছেন। তিনি এখন দেশবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
“দেশে যুদ্ধাপরাধীদের বিচার হলে এই জঙ্গিমাতার বিচার কেন হবে না? তাই এই জঙ্গিমাতা খালেদা জিয়ার বিচার দাবি করছি।”
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, “ জামায়াত একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এদেশের সাধারণ মানুষের উপর গণহত্যা-ধর্ষণ-নির্যাতন-লুটপাট চালিয়েছিল সেই জামায়াতের আল বদর বাহিনী।”
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।
জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে জামায়াতের রাজনীতি বন্ধ করে ও তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করে জঙ্গি অর্থায়ন বন্ধ করা হোক।”
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *