Thu. Jun 4th, 2026

9kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের নেতা আরিফুল ইসলামের (২৮) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনার মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলাহ এ আদেশ দেন।
এর আগে আরিফুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আবদুল কুদ্দুস মুন্সী। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে পাবনা সদরের চর ঘোষপুর এলাকার বাড়ি থেকে আটক করা হয় আরিফুল ইসলামকে। তিনি শিবিরের পাবনা শহর শাখার সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
গত শুক্রবার ভোর ৫টার দিকে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।