Sun. Jun 7th, 2026

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬:  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে তারা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহাসড়কে যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশও কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজ-খবর রাখছেন।
ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সারাব এলাকায় শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে নবনির্মিত আন্ডারপাসের উদ্বোধনকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হল রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব। চালকদের কোন ধৈর্য্য নেই। তারা রাস্তার উল্টো সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে। এ কারণে মহাসড়কে যানজট আরো বেশি হয়।’
তিনি বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো এমন আশ্বাস দিচ্ছি না। তবে সর্বাত্মক চেষ্টা করবো।’
ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘কোন চালক উল্টোপথে গাড়ি চালালেই তার বিরুদ্ধে মামলা দেয়া হবে। পুলিশকে বলা হয়েছে উল্টো পথে যারাই যাবে তিনি মন্ত্রী, এমপি, ভিআইপি যেই হোন না কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এ সময় মন্ত্রী কালিয়াকৈর-নবীনগর সড়কের আন্ডারপাস নির্মাণ ব্যয় সম্পর্কে বলেন,৩৪ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৫ মিটারপ্রস্থ বিশিষ্ট এই আন্ডার-পাস নির্মণে খরচ হয়েছে ৫কোটি ৫০লাখ ৯৩ হাজার ২১৭ টাকা। আন্ডার-পাসটি দিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকসহ সকলেই নিরাপদে চলাচল করতে পারবে বলেও তিনি জানান।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।