খােলা বাজার২৪।। শুক্রবার, ৩ মার্চ ২০১৭: মেধাবী শিক্ষার্থীদের মাঝে সপ্তর্ষি বিজ্ঞান ক্লাবের সৌজন্যে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ে শিরুয়াইল ও দত্তপাড়া ইউনিয়নের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।
এ ছাড়াও এ সকল এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষাথীদের মাঝেও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাম পর্যায়ে বিজ্ঞান শিক্ষার গুরুত্বকে শিক্ষার্থীদের মাঝে বিশেষ ভাবে উপস্থাপন করার জন্য সপ্তর্ষি বিজ্ঞান ক্লাবের যাত্রা। গত চার বছর ধরেই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবং একই সাথে সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাবিবুর রহমান বিজ্ঞান স্মৃতি বৃত্তি ও মোহাম্মাদ মিনহাজ উদ্দিন স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে।
সপ্তর্ষি বিজ্ঞান ক্লাব এর সভাপতি, ঢাকা কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক চৌধুরী হাফিজুর রহমান জানান, ‘গ্রামের ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান শিক্ষার আহগ্র তৈরি করতে সপ্তর্ষি বিজ্ঞান ক্লাব কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান স্মৃতি বৃত্তি, বিজ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছি। একই সাথে শিল্প-সাহিত্যের চর্চা বাড়াতে আমরা শিক্ষার্থীদের লেখা নিয়ে একটি পত্রিকাও প্রকাশ করেছি।’
মোসলেহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক শহীদুর রহমান চৌধুরী, আমিনুল হক চৌধুরী, ইয়াকুব আলী মাতুব্বর প্রমূখ।
