Mon. Jun 15th, 2026

16খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭:  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামীকাল শপথ গ্রহণ করবেন। এদিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে।

আগামীকাল শুক্রবার ১২ মে বিকেল সাড়ে ৪টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল জানানো হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান মনতাজুর রহমান আকবর। ২১টি পদের বিপরীতে এবার ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে জয়ী হয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধু কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সব কটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি: মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি: রিয়াজ ও নাদের খান, সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন, কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।