খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭: ‘আমি তাঁর নীরব অনুরাগী।’ বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চনের ব্যাপারে বললেন উপমহাদেশে সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকর। ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতের একটি বাংলা পত্রিকাকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। মুম্বাইয়ে ভুলাভাই দেশাই রোডের তাঁর ‘প্রভু-কুঞ্জ’ বাড়িতে বসে কথা বলেন লতা। অমিতাভের ব্যাপারে তিনি বলেন, ‘মানুষটা সবকিছু করেন অদ্ভুত স্টাইল আর ডিগনিটির সঙ্গে। ইংরেজি যেমন ভালো লেখেন, তেমন ভালো তাঁর হিন্দি। আমার জন্মদিনে এবারও একটা পুষ্পস্তবক পাঠিয়েছেন। সঙ্গে হিন্দিতে এমন চমৎকার চারটি লাইন, মন ভরে যায়।’
লতা জানালেন, অমিতাভ বচ্চনের তিনটি বৈশিষ্ট্য তাঁর খুব পছন্দ। বললেন, ‘এক, কখনো কোনো পরিস্থিতিতে তাঁকে রাগ করতে দেখিনি। অদ্ভুত শান্ত মেজাজ নিয়ে তিনি কঠিন পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখেন। দুই, তাঁর ভাষাজ্ঞান খুব ভালো। যাঁদের উচ্চারণে এই পর্যায়ের শুদ্ধতা আছে, তাঁদের আমি শ্রদ্ধা করি। ইংরেজি উচ্চারণ খুব ভালো, এমনকি তাঁকে বাংলাও বলতে শুনেছি। তিন, ব্যবহারিক সৌজন্য। যখনই দেখা হয়, এত নম্র, ভদ্র দেখায় তাঁকে।’
বললেন, ‘অমিতাভ বচ্চনকে টক্কর দেওয়ার মতো এখন বলিউডে আর কেউ নেই। তাঁর অভিনয় আমার কাছে পণ্ডিত রবিশঙ্করের বাজনা বা শচীন টেন্ডুলকারের ব্যাটিংয়ের মতো।’
অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’, ‘দিওয়ার’ আর ‘ব্ল্যাক’ লতার খুব পছন্দের ছবি। তবে ‘তুফান’ আর ‘জাদুগর’ একদম ভালো লাগেনি। রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রতিটি পর্ব দেখেন লতা।
অমিতাভ বচ্চনের গাওয়া গানও শুনেছেন লতা। বললেন, ‘দারুণ কিছু না হলেও তিনি মোটামুটি সুরে গান।’
পারিবারিক শিক্ষা আর মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করে লতা বললেন, ‘আমার মা-বাবা কী শিখিয়েছেন? পারিবারিক মূল্যবোধ থেকে আমি কী শিখেছি? এগুলো মনে রাখতে হবে। অমিতাভ বচ্চন এর জ্বলন্ত দৃষ্টান্ত।’
