Fri. Jun 5th, 2026


খােলাবাজার২৪,বুধবার,১২ ডিসেম্বর ২০১৮ঃ  কোন নোটিশ না দিয়েই বন্ধ করে দেওয়া দেশের ৫৪টি অনলাইন নিউজ পোর্টাল আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুলে দেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫৪টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়ার মানেই হলো ভোট কারচুপির একটি ভয়াবহ পরিকল্পনা। ভোটারবিহীন অগতান্ত্রিক সরকার আবারো একটি সাজানো নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করার জন্য গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে। গণমাধ্যম বন্ধ করে কোন স্বৈরাচার তাদের ক্ষমতা আজীবণ টিকিয়ে রাখতে পারেনি। তাই অবিলম্বে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, সাংবাদিক নেতা ও বিএনপির তথ্য-গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এর সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, সাংবাদিক নেতা ডিএম ওমর, জাস্ট নিউজের সিনিয়র সাব-এডিটর মো: গোলাম ইউসুফ সাগর, জাস্ট নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম ফরাজী, শীর্ষ নিউজ২৪ডটকমের সম্পাদক একরামুল হক, শীর্ষ নিউজ২৪ডটকম’র চীপ রিপোর্টার সাইফুল ইসলাম প্রমুখ।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ হওয়া অনলাইন গণমাধ্যম খুলে দেয়া না হলে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।