Thu. Jun 4th, 2026
খােলাবাজার২৪,মঙ্গলবার,২৫ফেব্রুয়ারি,২০২০ঃ ক্ষণজন্মা নায়ক সালমান শাহ’র আত্মহত্যার পাঁচ কারণ জানালেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মতে, সুনির্দিষ্ট পাঁচটি কারণে প্রাণ দিয়েছিলেন সালমান শাহ।পিবিআই’র দেয়া তথ্যানুযায়ী, সালমান শাহের আত্মহত্যার মূল কারণগুলো হলো-

১. শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা

২. স্ত্রী সামিরার সঙ্গে কলহ

৩. মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা

৪. একাধিকবার আত্মঘাতী হওয়ার চেষ্টা

৫. মায়ের প্রতি অসীম ভালোবাসার কারণে সম্পর্কে জটিলতা এবং সন্তান না থাকায় হতাশা।

এদিকে তদন্তের পর পিবিআই চূড়ান্ত রিপোর্টে জানিয়েছে, হত্যাকাণ্ড নয়, পারিবারিক কলহসহ নানা কারণে মানসিক যন্ত্রণায় বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার।

এ মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহসহ নানা কারণে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

ওই সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি।