মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ সাইফুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফুর রহমান হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পুর্ব নওদাবাস ৮ নং ওয়ার্ডের আব্দুল গফুরের ছেলে। শুক্রবার ভোর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ এক দল পুলিশ। এ সময় আব্দুল গফুরের ছেলে সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। সাইফুর রহমান ২০২১ সালে হাতীবান্ধায় পুলিশের উপর হামলার একটি মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
