Thu. Jun 4th, 2026

২৫জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পেশাদারিত্বের সাথে দেশপ্রেম সংযোগ করে দপ্তরসমূহের আধুনিকায়নের কাজ করতে হবে। টিমের সদস্যদের মাঝে দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে।

রোববার (২৫ জুন) বিদ্যুৎ ভবনে দপ্তরসমূহের সাথে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরো ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থপনার বিষয়ে আপোষ করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবেলা করেই সামনে এগুতে হবে। এপিএ প্রদত্ত লক্ষ্যসমূহ কাঙ্খিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দপ্তর প্রধান এপিএ স্বাক্ষর করেন। ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়ন ২য় স্থান অধিকার করেছিল।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ইপিআরসির চেয়ারম্যান মো: মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, এনডিসি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।