Sat. Jul 18th, 2026
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরের ১২৭ নং বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জোহরা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এলাকাবাসী এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নরসিংদী জেলা ও উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানাযায়,তিনি স্লিপ ও কাটন মেইনটেন্যান্স, জাতীয় ও ধর্মীয় দিবসের বরাদ্দসহ বিভিন্ন খাতের সরকারি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি বিনামূল্যের বই শিক্ষার্থীদের কাছ থেকে তুলে নিয়ে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।অভিযোগে বলা হয়—তিনি শ্রেণিকক্ষে পাঠদান না করে নিয়মিত মোবাইলে ব্যস্ত থাকেন এবং প্রতিদিন দুপুরেই বিদ্যালয় ছেড়ে চলে যান। সহকারী শিক্ষকদের সঙ্গে নিয়মিত গালি-গালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করায় বিদ্যালয়ের পরিবেশ ভয়াবহ রকমের নষ্ট হয়েছে। সাবেক শিক্ষকদের সঙ্গেও তার মারামারি ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
এলাকাবাসী জানায়,তার অনিয়মের বিরুদ্ধে বিগত বছরে মানববন্ধন ও প্রতিবাদ করলে তিনি থানার পুলিশ এনে ভয় দেখান এবং স্থানীয় ১৮ জন গণ্যমান্য ব্যক্তিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মামলা দায়ের করেন যা পরবর্তিতে আদালতের তদন্তে মিথ্যা প্রমাণ হয়ে খারিজ হয়।
সরেজমিনে দেখা গেছে,বিদ্যালয়ের শিক্ষার মান তীব্রভাবে নিচে নেমে গেছে।শিক্ষার্থীদের উপস্থিতি ৪–৫ জনের বেশি নয়। অনেক ছাত্র-ছাত্রী তাদের নাম ইংরেজিতে লিখতে পারে না।এলাকাবাসী ও শিক্ষকরা দ্রুত তার বদলি ও বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা জোহরা আক্তার দাবি করেন,সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট।
এব্যাপারে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম বলেন,আমরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত করছি,তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।