Mon. Jun 8th, 2026

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫: এত দিন তিনি ছিলেন নায়িকা। এ বার পরিচালনাতেও 94হাত পাকাতে চান বাঙালি অভিনেত্রী রিমি সেন। আর সে কারণেই নাকি তাঁর ‘বিগ বস’ যাত্রা! এ কথা স্বীকার করেছেন খোদ নায়িকাই। তাঁর কথায়, ‘‘পরের বছরই প্রথম ছবি পরিচালনা করব আমি। আর তার আগে বিগ বসের প্ল্যাটফর্ম আমাকে এমন একটা সুযোগ দিচ্ছে যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারব।’’ এক যুগের বলিউডি কেরিয়ারে বরাবরই খুব ভেবেচিন্তে চরিত্র বাছাই করেছেন রিমি। ‘ধুম’-এর সাফল্য তাঁকে বেশ শক্ত জমি দিয়েছিল। ২০১১-তে পরিচালক তিগমাংশু ধুলিয়ার ‘শাগরেদ’ ছবিতে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর তিন বছর কেটে গেলেও কোনও ছবিতে সুযোগ পাননি। সে জন্যই কি পরিচালনায় আসতে চান? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রিমি। বিগ বসে আসার জন্য কি কোনও বিশেষ প্রস্তুতি নিয়েছেন রিমি? নায়িকা জানিয়েছেন, রান্না তিনি একেবারেই জানেন না। ফলে বিগ বসের রান্নাঘর তিনি এড়িয়েই যাবেন। এই রিয়ালিটি শো জেতার জন্য কি কোনও স্ট্র্যাটেজি রয়েছে তাঁর? রিমির কথায়, ‘‘আমি খুব ঠাণ্ডা মাথার মানুষ। সবার সঙ্গে মিশতে একটু সময় লাগে আমার। তবে কোনও ঝামেলা হলে আমি সামলে নিতে পারব বলেই মনে হয়।’’ আপাতত অপেক্ষা। বাকি প্রতিযোগীদের সঙ্গে কী ভাবে নিজেকে মানিয়ে নেন রিমি সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *