Thu. Jun 4th, 2026

52খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: দুর্বৃত্তদের হাতে খুন হওয়া জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে রহস্যজনক ফোন করা হয়েছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে কে বা কারা ফোন করছেন সে ব্যাপারে তিনি কিছু জানাননি। আজ বুধবার রহস্যজনক ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই আমি নানা রকম ফোন পাচ্ছি। মোবাইলে হুমকির কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত বলতে অপরাগতা জানিয়েছেন আবুল কাশেম ফজলুল হক। তবে তিনি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বলেন, ৭১ সালে আমি এরকমই নিরাপত্তাহীন বোধ করেছিলাম। আর আজ নিরাপত্তাহীন বোধ করছি।
পুত্র শোকে কাতর আবুল কাসেম বলেন, এমন একটি তরতাজা ছেলে খুন হওয়ার পর আমি নিজেকে নিয়ে ভাবছি না। তবে আজ থেকে আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন তখন আমাকে মেরে ফেলা হতে পারে। তিনি বলেন, পুলিশের কাছে গিয়ে কী হবে? দীপন খুন হওয়ার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি পুত্র হত্যার বিচার চাই না। আমি চাই সবার শুভ বুদ্ধির উদয় হোক। এ দেশে কেউ বাসা বা কর্মস্থল কোনো স্থানেই নিরাপদ নন। আমিও নিরাপদ নই। নিরাপত্তা চেয়ে আমি থানায় জিডিও করবো না।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আইনের প্রতি আমার আস্থা রয়েছে। তবে বিদ্যমান বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা নেই। কেননা এর আগে বেশ কয়েকজন ব্লগারকে খুন করা হলেও এর কোনোটারই বিচার হয়নি। উল্লেখ্য, গত সোমবার বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *