খোলাবাজার২৪.কম ।। ১১ নভেম্বর
২০১৫।।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বিদেশে থেকে দেশ নিয়ে চিন্তা করেন। কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা জানি তিনি দেশ, জনগণ, রাজনীতি, অর্থনীতি এমনকি ঢাকার যানজট নিয়েও চিন্তা করেন। তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। জনগণ দায়িত্ব দিলে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।
নজরুল ইসলাম খান আরো বলেন, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে তারেক রহমানকে ঠেকানো যাবে না। বীরের বেশে তিনি দেশে ফিরে আসবেন।
তিনি বলেন, একজন ব্যক্তি কখনো রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সংজ্ঞা হলো ভূখণ্ড থাকবে, জনগণ থাকবে, সরকার থাকবে- সবমিলিয়ে রাষ্ট্র। কিন্তু এখন ব্যক্তি নিয়ে মন্তব্য করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
তিনি বলেন, গত নয় বছরে তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি।
বিএনপির এ নেতা বলেন, কার্ড খেলায় একটা কথা আছে- যখন কিছু খেলার পাবে না তখন রং খেলবে। সরকারের অবস্থাও সেরকম হয়েছে। সরকার যখন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারছে না। তাই রং খেলার মতো মিথ্যা মামলা দিচ্ছে।
যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, তারা মামলায় জর্জরিত হয়ে আত্মগোপনে রয়েছে এবং দলের জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানকে যারা পাকিস্তানের চর বলছে, বঙ্গবীর কাদের সিদ্দীকিকে রাজাকার বলছে তারাই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ।
