Fri. Jun 5th, 2026

51খোলা বাজার২৪, শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬: খালেদা জিয়ার ‘ভুল রাজনীতির’ কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়ার বিকৃত, হঠকারী ও ভুল রাজনীতির কারণেই পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে।”
খালেদার ‘বিভ্রান্ত রাজনীতির’ কারণে বিএনপির সমর্থন ও ভোট দিন দিন ‘কমেছে’ মন্তব্য করে তাকে ‘দেশের বৃহত্তর স্বার্থে’ স্থিতিশীলতা বজায় রেখে ‘গণতান্ত্রিক ও সহনশীলতার’ ধারায় ফেরার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
“এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে এলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।”
গত বুধবার দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ও মার্কায় যে নির্বাচন হয়েছে, তাতে সাতবছর পর মুখোমুখি লড়াইয়ে নামেন নৌকা ও ধানের শীষের প্রার্থীরা।
বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক জিতেছে ১৭৭টিতে; আর বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে ২২টিতে জয় পেয়েছেন।
এই নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ‘পরাজয় ঘটেছে’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *