Thu. Jun 4th, 2026

33খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার বেসিক ব্যাংকের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিন হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান আসামিদের জামিন নাকচের পাশাপাশি জালিয়াতির দুই মামলায় তিনদিন করে হেফাজত মঞ্জুর করেন বলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান।
আদালতে তার সঙ্গে ছিলেন আইনজীবী রেজাউল করিম রেজা।
আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।
ঋণ জালিয়াতির একাধিক মামলার আসামি বেসিক ব্যাংকের বরখাস্ত তিন কর্মকর্তাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওইদিনই তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এরা হলেন- ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ।
বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় গত বছর সেপ্টেম্বরে ব্যাংকটির ২৬ কর্মকর্তার বিরুদ্ধে মোট ৫৬টি মামলা করে দুদক, যেগুলোর কয়েকটিতে এ তিন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
একইদিন দুই মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন দুদকের উপ-পরিচালক ঋত্মিক সাহা।
রিমান্ডের আবেদন বলা হয়, আত্মসাৎ করা টাকা উদ্ধার এবং এই জালিয়াতিতে আর কারা জড়িত, তা জানার জন্য আসামিদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার।
আদালতে শুনানিতে আসামিদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, “আসামিরা ঋণ দেওয়ার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন, অর্থাৎ ঋণ দেওয়ার পক্ষে তারা কখনই মত দেননি। তাদের এই মতামত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন।
“মতামত যাই হোক না কেন, সব সময়ই তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়, এটি কোনো অপরাধ নয়। সুতরাং এরা কোনো অপরাধ করেননি।”
পরে বিচারক আসামিদের জামিন নাকচ এবং রিমান্ডের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *