খোলা বাজার২৪, শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০১৬: উত্তর কোরিয়া শুক্রবার সফলভাবে তাদের পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর দাবি করেছে।এর আগে উ. কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূ-কম্পণ শণাক্ত করা হয়।
দক্ষিণ কোরিয়ার ভাষ্য, আজকের পরীক্ষাটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। এর ফলে দেশটি উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রগতি অর্জন করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এই কর্মকান্ড আত্মবিধ্বংসী। পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার প্রবল হঠকারিতা দেখিয়েছেন।
উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার ‘দৃঢ়ভাবে বিরোধিতা’ করেছে চীন।
বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিকভাবে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও আজ ডিপিআরকে (উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম) আবারও পরমাণু পরীক্ষা চালিয়েছে। চীন সরকার এই ঘটনার দৃঢ়ভাবে বিরোধিতা করছে।’
উত্তর কোরিয়া শুক্রবার জানায়, তারা সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর মধ্যদিয়ে রকেটে পারমাণবিক যুদ্ধাস্ত্র স্থাপনের সক্ষমতা অর্জন করলো।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, ‘ উত্তর কোরিয়া এই পরীক্ষার মধ্যদিয়ে পারমাণবিক যুদ্ধাস্ত্রের কাঠামো ও বৈশিষ্ট্য নিশ্চিত করেছে । তারা এখন কৌশলগত ব্যালিস্টিক রকেটে এই যুদ্ধাস্ত্র স্থাপনে সক্ষম।’
এদিকে বিস্ফোরণের শক্তি নিয়ে একাধিক মতামত এসেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, বিস্ফোরনের শক্তি প্রায় ১০ কিলোটন। তবে অন্য বিশেষজ্ঞরা বলছেন, এর শক্তি ২০ কিলোটন বা তার বেশি। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলেছিল তার শক্তি ছিল ১৫ কিলোটন।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছ থেকে বড় ধরনের ভূকম্পন শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় পিয়ংইয়ং দাবি করে, নতুন করে উদ্ভাবিত পারমাণবিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এটি সফল হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলেছেন। পিয়ংইয়ংকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ওবামা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট বলেন, ‘ওবামা এশিয়া ও বিশ্বে আমাদের মিত্রদের নিরাপত্তা বিধানে যুক্তরাষ্ট্রের অবিচল অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার এই ধরনের পারমাণবিক পরীক্ষা বরদাশত করা হবে না।
যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ভূতাত্ত্বিক সংস্থাগুলো আজ সকালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাস্থলের কাছে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন শনাক্ত করে। এরপরই সন্দেহ হয়, পিয়ংইয়ং পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানায়, ব্যাপক ভূকম্পনটি কৃত্রিম ছিল।
অতীতেও সংশ্লিষ্ট এলাকায় প্রায় কাছাকাছি তীব্রতার একাধিক ভূকম্পনের পর দেখা যায়, উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
গত ৬ জানুয়ারি চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
