Thu. Jun 4th, 2026

 

  

ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করেন ড. কামাল হোসেন, পাশে অন্য নেতারা। ছবি: শাকিল আহমেদ

খােলাবাজার২৪, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে সামরিক বাহিনী ও পুলিশ ছাড়া সরকারি চাকরিতে প্রবেশে কোনো বয়সসীমা রাখবে না জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া অনগ্রসর ও প্রতিবন্ধী ছাড়া কোনো কোটাও রাখবে না তারা।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণায় এ কথা জানানো হয়। ইশতেহার ঘোষণা করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ইশতেহারে বলা হয়, নির্বাচনে জিতলে সব নাগরিকের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আমূল পরিবর্তন আনা হবে প্রতিহিংসার রাজনীতি দূরীকরণ, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা ও বিকেন্দ্রীকরণ, দুর্নীতি দমন ও সুশাসনসহ ১৪টি খাতে।

ঐক্যফ্রন্টের ইশতেহারে উল্লেখ করা হয়, তারা ক্ষমতায় এলে পরপর দুই মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না- এমন ব্যবস্থা করবে। এছাড়া চালিয়ে যাবে যুদ্ধাপরাধীদের বিচার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি অাসম অাব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য রেজা কিবরিয়া প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ত্রিশোর্ধ্ব শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু করার জন্য একটি কমিশন গঠন করা হবে। আমী ৩ বছরে সরকারি চাকরিতে সব শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শিক্ষিত বয়োবৃদ্ধের জন্য ন্যূনতম ভাতা রেখে অবৈতনিক খণ্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।