
জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা শেষে আজ বুধবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দাবির কথা জানান। খালেদা জিয়ার সাজা স্থগিতের সময় বৃদ্ধি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি আদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন, সে ব্যাপারে যে বিধিনিষেধ, সেটা প্রত্যাহার করাটা মানবিক একটা কর্ম বলে আমরা মনে করি। এটা আমাদের দাবি।’
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমাদের অভিমত আমরা দিয়েছি। উনার সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে, বাসা ও দেশে থেকে চিকিৎসা নেবেন।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি এখন ঘরে থাকতে পারছেন; যদিও নানা বিধিনিষেধের মধ্যে। একজন মানুষ তাঁর বয়স প্রায় ৭৬ বছর। তিনি নিদারুণ অসুস্থ, আমরা সবাই জানি। তাঁর উন্নত চিকিৎসা নেওয়া দরকার। দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন, কিন্তু সুস্থ হতে পারেননি।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মানবিক বাংলাদেশ চাই। তাঁর (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে (দেশের) বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না, যাওয়ার প্রয়োজন হবে কি হবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকারি আদেশে তাঁর বাইরে যাওয়া নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি।’
নজরুল ইসলাম খান আরো বলেন, ‘একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমাদের স্বপ্ন ছিল একটা স্বাধীন শুধু নয়, একটা গণতান্ত্রিক, একটা মানবিক, এটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার এত বছর পর আমরা এ দেশে একদলীয় শাসন দেখেছি, সামরিক স্বৈরশাসন দেখেছি, বেসামরিক স্বৈরশাসনও দেখছি। ফলে এ দেশে গণতন্ত্র বলতে যা বোঝায়, যথাযথভাবে বাস্তবায়ন এখনো হয়নি। বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে। সেই বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়ার সরকার ১৯৯১ সালে। আজ সে গণতন্ত্র সংকটের মুখে।’
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নজরুল ইসলাম খান।
