
মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের ৫৪ তম জাতীয় দিবস ২ ডিসেম্বর উপলক্ষে আমিরাতের শাসকগণ বহুসংখ্যক কয়েদিদের মুক্তি দানের কথা ঘোষণা করেছেন। আরব আমিরাতের রাষ্ট্রপতি ও আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২৯৩৭ জন কয়েদিকে মুক্তি দানের নির্দেশ দিয়েছেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম ২০২৫ জন কয়েদিকে মুক্তি দানের নির্দেশ দিয়েছেন। এছাড়া শারজাহ এর শাসক ও সুপ্রিম কাউন্সিল সদস্য ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমী ৩৬৬ জন, আজমান এর শাসক ও সুপ্রিম কাউন্সিল এর সদস্য শেখ হুমাইদ বিন রাশিদ আল নোয়াইমি ২২৫ জন, ফুজাইরাহ এর শাসক ও সুপ্রিম কাউন্সিল এর সদস্য শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকী ১২৯ জন, রাস আল খাইমাহ এর শাসক ও সুপ্রিম কাউন্সিল এর সদস্য শেখ সোয়াদ বিন শকর আল কাসিমী ৮৫৪ জন কয়েদিকে মুক্তি দানের নির্দেশ দিয়েছেন। কয়েদিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে যাতে এ সকল কয়েদিদের পরিবারে খুশি ফুটে উঠে সেজন্যই বিভিন্ন শাসকরা এ পদক্ষেপ গ্রহণ করেছেন। সাধারণত আরব আমিরাতের শাসকগণ প্রতি বছরই জাতীয় দিবস উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক কয়েদিদের মুক্তি দিয়ে থাকেন। আমাদের দেশে কয়েদিদের সাজা মওকুফ করার এখতিয়ার থাকে শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতির। কিন্তু আরব আমিরাত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অধীন হওয়ায় নিজ নিজ ষ্টেটে শাসকগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন।
