Sat. Jul 18th, 2026

মোঃ ফরিদুল ইসলাম দুবাই প্রতিনিধিঃ Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ৩০ নভেম্বর থেকে।
এ কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেট অফিসের ফেসবুক পেজে নিয়মিত পোস্ট দেওয়া হচ্ছে যাতে প্রবাসীরা সহজে নিবন্ধন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় আরব আমিরাত প্রবাসীরা নিবন্ধনে পিছিয়ে আছে। সৌদি আরবে ২১ হাজার ৫১৬ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৬৭৩ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩৯ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২০ জন, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৬৭ জন, কানাডায় ৮ হাজার ৮৯৪ জন, মালয়েশিয়ায় ৭ হাজার ৭৪২ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৩৮ জন, জাপানে ৬ হাজার ৮৫১ জন এবং সংযুক্ত আরব আমিরাতে মাত্র ৬ হাজার ৩৯৪ জন প্রবাসী নিবন্ধন করেছে। প্রায় ১২ লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করে আরব আমিরাতে। এর মধ্যে ভোটার হবে কমপক্ষে ১০ লাখ। এ বিপুল সংখ্যক প্রবাসীর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও বেশি জোরালো পদক্ষেপ নিতে হবে।