Tue. Jul 21st, 2026

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শীলমান্দীতে এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনলেও পুরোপুরি আগুন নির্বাপণ আনতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছে।

কারখানা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, শনিবার রাত দশটার দিকে কারখানার একটি গোডাউনে আগুনের লেলিহাল শিখা দেখা যায়। এ অবস্থায় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে  প্রথমে নরসিংদী,  মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে পাঁচটি ইউনিট তুলার গোডাউনের ডাম্পিং আগুন নির্বাপণের জন্য কাজ করে। এখনো পর্যন্ত আগুন পুরোটা নির্বাপনে না আসায় ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজুমুজ্জামান  জানান, রাত দশটার দিকে খবর পেয়ে একে একে আমাদের  আটটি ইউনিট কাজ করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এখন পাঁচটি ইউনিট তুলার গোডাউনের ভেতরের আগুন সম্পূর্ণ নির্বাপনে কাজ করে যাচ্ছে। কারখানায় থাকা তিনটি গোডাউনে সুতা এবং তুলায় আগুন লাগার কারণে বাতাসে দ্রুত ছড়িয়ে পরে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান ও সঠিক কারণ পরে বলা যাবে।