Tue. Jul 21st, 2026

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র পুত্র। পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমাদেন মাসুদ সাঈদী।

মনোনয়নপত্র দাখিলের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর মেজো ছেলে পিরোজপুর-২ শামীম সাঈদী ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র তৃতীয় পুত্র নাসিম সাঈদী। জেলা প্রশাসক আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ সাঈদী বলেন, “আমাদের এখান থেকে নির্বাচন করার কথা ছিল না। নির্বাচন করার কথা ছিল আল্লামা সাঈদীরই। আমরা তাঁর ত্যাগ ও কষ্টের ইতিহাস বহন করছি। এলাকার জনগণ সেই ইতিহাস জানে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এর জবাব দেবেন।” এনসিপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এনসিপি যেমন আন্দোলন করেছে, জামায়াতে ইসলামীরও সেই আন্দোলনের ইতিহাস রয়েছে। তাই এই জোট অনিবার্য ছিল।”

উল্লেখ্য, সংসদীয় আসন নম্বর ১২৭ পিরোজপুর–১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭০৮ জন।

রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।

আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।