ঝিনাইদহ শৈলকুপা প্রতিনিধিঃ ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রবিবার স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হেভিওয়েট প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মাহফুজুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ মনোনয়নপত্র জমা দেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসনে আরার নিকট এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সে সময় ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খাঁনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৪টার দিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: আবু তালেব মনোনয়নপত্র জমা দেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের এই প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আলী আজম মো: আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

