খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : যশোরে মুক্তিপণের দাবিতে মো. ইয়াকুব (১৫) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।
অপহৃত ইয়াকুবের চাচা বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার মামলাটি করেন।
মিজানুর রহমান অভিযোগ করেন, ইয়াকুব যশোর সদর উপজেলার ঝাউদিয়া নুরানি মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। সে মাদ্রাসার পাশে জনৈক তরিকুল ইসলামের বাড়িতে খাওয়া-দাওয়া করত এবং মাদ্রাসায় ঘুমাতো। ৭ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে তরিকুল ইসলামের বাড়ি থেকে রাতের খাবার নিয়ে মাদ্রাসায় ফিরছিল ইয়াকুব। মাঝপথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এর পর ৮ অক্টোবর রাত ১টার দিকে অপহরণকারীরা ইয়াকুবের মা ইসমত আরা বেগমের মোবাইলে ফোন দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীদের দাবিকৃত টাকা দেওয়া না হলে ইয়াকুবকে খুন করে লাশ গুম করার হুমকিও দেয় দুর্বৃত্তরা।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই অহেদুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা জানান, অপহৃত ইয়াকুবকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযানে আছেন সাজিয়ালি ক্যাম্পের আইসি অহেদুজ্জামান।
