খোলা বাজার২৪, শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০১৬: ঝিনাইদহ জেলা কারাগারে দুই হাজতির মধ্যে সংঘর্ষে আহত হত্যা মামলার আসামী রেজাউল ইসলাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে জেলার শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের ওদুদ বিশ্ব¦াসের ছেলে। সে গেল রাতের দিকে মারা যায়।
ঝিনাইদহ জেল সুপার গোলাম হোসেন জানান, জেলার শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের হত্যা মামলার বিচারাধীন আসামী রেজাউল ইসলামের সঙ্গে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শহিদুল ইসলামের মধ্যে গত ৫ সেপ্টেম্বর দুপুরে জেলের ভিতরে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রেজাউল ইসলামকে কিল ঘুষি ও চামচ দিয়ে আঘাত করলে তার একটি কান কেটে পড়ে যায় এবং মাথায় মারাত্বকভাবে আঘাত লাগে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল ইসলাম মারা যায়।
হাজতী শহিদুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় কারাগার কর্তৃপক্ষ একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে এ ব্যাপারে জেল সুপার ক্যামেরার সামনে কোন কথা বলেননি। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, নিহত রেজাউল ইসলাম ১৯৯৯ সালের ১৯ সেপ্টম্বর জেলার শৈলকুপা থানার একটি হত্যা মামলার আসামী।
