খোলা বাজার২৪, শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০১৬: শুক্রবার সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকায় পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পিকআপভ্যানে ছিলেন। আহতদের মধ্যে পিকআপভ্যানের চালক ও হেলপার এবং বাসের ৩ যাত্রী রয়েছেন। তাদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের বাবুর্চি এলাকায় ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাসের সঙ্গে ফেনিগামী রিকশাবোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে বসে থাকা দুই ব্যক্তি নিহত হয়।
স্থানীয় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও বাস মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
