Fri. Jul 24th, 2026


বাজার ২৪.শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮: টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় সংগঠনটির নির্বাচন। আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নাট্যপরিচালক সালাউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নির্মাতা এস এ হক অলিক।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। তারপর শুরু হয় ভোট গণনার কাজ। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন। সহকারী হিসেবে রয়েছেন মামুনুর রশীদ ও এস এম মহসীন।

এবারের নির্বাচনে ২০টি পদে মোট ৫২ জন প্রার্থী লড়েন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, অর্থ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক, এস এম কামরুজ্জামান সাগর, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রতিদ্বন্দ্বিতা করেন।


২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ডিরেক্টরস গিল্ড। শুরুতে সিলেকশন পদ্ধতিতে কমিটি গঠন করা হলেও দুই বছর আগে প্রথমবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি পায় সংগঠনটি। এবার দ্বিতীয় বারের মতো নির্বাচনের মাধ্যমে গঠিত হলো কমিটি।