Tue. Jul 21st, 2026

 

মোঃ মাহবুব আলম স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১ দারুচ্ছালাম এলাকার টেকনিকাল মোড়ের পশ্চিম পাশে নাভানা ফিলিং স্টেশনের পেছনে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, খালের ঠিক কালভার্টসংলগ্ন স্থানে খুঁটি গেড়ে মাটি ও বালু ভরাট করে দখলদাররা খালের প্রস্থ সংকুচিত করে ফেলছে। এর ফলে কালভার্টের মুখে পানি স্বাভাবিকভাবে বের হতে বাধাগ্রস্ত হচ্ছে, যা এলাকাজুড়ে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে।

বাসিন্দাদের অভিযোগ, খালের একপাশে স্থাপনা ভেঙে পানি চলাচলের পথ সচল করলেও বিপরীত পাশে ক্ষমতাসীন ব্যক্তিদের ছত্রছায়ায় দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খাল ভরাট করে সেখানে দূরপাল্লার বাসের পার্কিং তৈরি করা হচ্ছে এবং এ থেকে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে বলেও তারা জানান।

স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, পানি প্রবাহ ব্যাহত হলে বর্ষা মৌসুমে পুরো এলাকা মারাত্মক জলাবদ্ধতার শিকার হতে পারে।

খাল দখল ও ভরাটের কারণে পরিবেশগত ভারসাম্য এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় গুরুতর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা পূর্বে একাধিকবার সতর্ক করেছেন। এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট সরকারি সংস্থার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।