Tue. Jul 21st, 2026


খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধ: প্রধান উপদেষ্টার সমাজকল্যাণ ও সমাজ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ সোমবার রংপুরের তারাগঞ্জ উপজেলায় এসে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) ফেজ-১ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

দুপুর আড়াইটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপকারভোগী নারীদের সঙ্গে সরাসরি কথা বলেন উপদেষ্টা। এ সময় উপকারভোগীরা তাদের জীবনযাত্রার দুঃখ-দুর্দশা, প্রকল্পের সুবিধা গ্রহণে সমস্যা ও প্রত্যাশার কথা খোলামেলা ভাবে তুলে ধরেন। শারমিন এস মুরশিদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময় শেষে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, “যেদিন থেকে এই পবিত্র দায়িত্ব গ্রহণ করেছি, সেদিন থেকেই প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি যে, সত্যিকারের উপকারভোগীরা নিয়মিত ও সঠিকভাবে তাদের প্রাপ্য সহায়তা পাচ্ছেন কি না। বিগত সরকারের আমলে বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রতি একশ’ জন উপকারভোগীর মধ্যে ৪০ জনই ছিলেন ভুয়া বা সুবিধা অন্য কেউ ভোগ করত। সেই ত্রুটিগুলো খুঁজে বের করে সমাধানের চেষ্টা করছি। আজ তারাগঞ্জ উপজেলা দিয়েই এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। এখান থেকে শতভাগ প্রকৃত উপকারভোগী নিশ্চিত করে তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া শুরু হলো।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি এনামুল আহসান , সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা পরিদর্শনকালে প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করা, সঠিক তালিকা প্রণয়ন এবং উপকারভোগীদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা যথাসময়ে প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।