খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : লক্ষ্মীপুরে ব্যবসায়ী বাবাকে দোকানে খাবার দিতে গিয়ে পাশ্ববর্তী দোকানী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে স্থানীয় মেঘনার পাড় দ্বিবর বিদ্যা নিকেতনের ৭ বছরের এক শিশু। শিশুটি ওই বিদ্যা নিকেতনে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সদর উপজেলার চর রমনী মোহন গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পরে রাতে শিশুটির বাবার দায়ের করা মামলায় এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আজ (শনিবার) ভোরে গ্রেফতার করেছে পুলিশ। দেলোয়ার রমনী মোহন গ্রামেরই সাবু মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, চর রমনী মোহনের মজু চৌধুরীর হাট ঘাটে সকাল ১০টার দিকে শিশুটি তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে দোকানে যায়। কিন্তু বাবা দোকানে না থাকায় শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভনে পাশ্ববর্তী দোকানদার দেলোয়ার দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দেলোয়ার পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ওই শিশু। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ।
