খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মুজাফফর ডিগ্রি কলেজের প্রভাষক হাবিবুর রহমানের (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে উলানিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফোরকান আলী জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় তার উপজেলা সদরের ভাড়া বাসায় ফেরেন প্রভাষক হাবিবুর রহমান। শুক্রবার সকাল হলেও তিনি ঘর থেকে না বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ঘরের জানাল দিয়ে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিমুর রহমানের নির্দেশে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্থানীয় চিকিৎসক দিয়ে হাবিবুর রহমান শারীরিক অবস্থা পরীক্ষা করায়। এ সময় চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করার পর তার আত্মীয় স্বজনকে খবর দেয়া হয়।
হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে অধ্যাপনা করে আসছিল বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তার বাড়ি বাগেরহাটের শ্মরণখোলায়।
