খোলা বাজার২৪ ॥ শনিবার, ১০ অক্টোবর ২০১৫ রাশিয়ার বিমান বাহিনীর হামলায় সিরিয়ায় তৎপর উগ্র
গোষ্ঠী আইএসআইএল’র ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে। খবর রেডিও তেহরান। নিহতদের মধ্যে আইএসআইএল’র দু জন সিনিয়র কমান্ডার রয়েছে। সিরিয়ায় যখন রুশ হামলা জোরদারের খবর পাওয়া যাচ্ছে তখন এসব সন্ত্রাসী নিহত হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রিয়া নিউজ আজ (শুক্রবার) জানিয়েছে, লিওয়া আল-হাক্ক নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদরদপ্তরে রুশ বিমান হামলা হয়। এতে দুই ফিল্ড কমান্ডারসহ ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে, উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে কয়েকটি হামলায় ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত কয়েকদিনে জঙ্গিবিমানগুলো উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ৭০ বার বিমান হামলা চালিয়েছে। তবে বুধবারের পর হামলার পর থেকে আইএসআইএল’র মধ্যে মারাত্মক রকমের আতংক ছড়িয়ে পড়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় রুশ অভিযান শুরু হয়েছে এবং এতে সন্ত্রাসীদের একশ’র বেশি সাঁজোয়া গাড়ি এবং ২১টি কমান্ড ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়েছে। এ ছাড়া,বহু অস্ত্রাগার ও জ্বালানি মজুদ কেন্দ্র, বোমা তৈরির অন্তত ৬টি কারখানাসহ অনেক গোলন্দাজ ইউনিট এবং প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে।
